ব্যাংকের নমিনি কাকে করা উচিত তা নিয়ে আজকের আলোচনা। মিজানুর রহমান রাসেল একজন সরকারি কর্মকর্তা। সারা জীবন চাকুরী করে তিনি ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমা করেছিলেন। উনি ব্যাংক একাউন্ট খোলার সময় তার বড় ছেলে সাকিবকে একাউন্টের নমিনি করেছিলেন, কারণ তখন তার ছোট ছেলের বয়স মাত্র পাঁচ বছর বয়সী ছিল। তার স্ত্রীকেও তিনি তখন নমিনি করেননি, কারণ তিনি মনে করেছিলেন বড় ছেলে পরবর্তীতে তার মা ও ছোট ভাইয়ের খেয়াল রাখবে।
কিন্তু জীবন সবসময় ছকবাধা নিয়মে চলে না। মিজানুর রহমান রাসেল সাহেব হঠাৎ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। পরবর্তীতে যখন ব্যাংকে তার জমানো টাকা উত্তোলনের প্রশ্ন আসে, তখন দেখা গেলো, সাকিবই একমাত্র নমিনি হিসেবে নির্ধারিত আছে। ছোট ভাই এবং মা ব্যাংকের টাকা থেকে কোনো ভাগ পাবেন না। এ নিয়ে পরিবারের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়, মামলাও হয়। শেষ পর্যন্ত দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর কিছুটা সমাধান হলেও পরিবারটি বড় ধরনের ভোগান্তির মধ্যে পরে।
এই জটিলতা এড়ানোর সহজ সমাধান হচ্ছে, নমিনি নির্বাচিত করার সময় সতর্ক থাকা এবং পরিকল্পিতভাবে নমিনি বাছাই করা। আমার আজকের আলোচনায় জানতে পারবেন, কিভাবে সঠিকভাবে নমিনি নির্বাচন করলে ভবিষ্যতে কোনো আইনি সমস্যা সৃষ্টি হবে না।
ব্যাংক একাউন্টের নমিনি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
একটি ব্যাংক একাউন্ট খোলার সময় সাধারণত কতিপয় নমিনি নির্ধারণের সুযোগ দেওয়া হয়। নমিনি হলেন সেই ব্যক্তি, যিনি একাউন্ট এর মালিকের মৃত্যুর পর একাউন্টের টাকা গ্রহণ করবেন। তবে, নমিনি বিষয়ক কিছু ভুল ধারণা ও অসচেতনতার কারণে অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যে সমস্যা দেখা দেয়।
১. নমিনি এবং উত্তরাধিকারী এক নয়
অনেকেই আছেন যারা মনে করেন, যাকে নমিনি নির্ধারন করা হয়েছে, তিনি ঐ মৃত ব্যক্তির পুরো সম্পত্তির একক মালিক হয়ে যান। এই ধারণাটি ভুল। নমিনি হলো শুধুমাত্র সেই ব্যক্তি যিনি একাউন্টমালিকের মৃত্যুর পর উক্ত ব্যাংক থেকে টাকা উত্তলোনের অধিকার পাবেন। কিন্তু তার মানে এই না যে, তিনি মৃত ব্যক্তির সম্পুর্ন সম্পত্তির একমাত্র মালিক হবেন।
২. একের অধিক নমিনি করা যায়
অনেকেরই জানা নেই যে, নমিনি একজনের বেশিও করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে, আপনি যদি আপনার স্ত্রী, ছেলে এবং মেয়েকে নমিনি করতে চান, তাহলে আপনি যদি চান তিনজনকেই নমিনি করতে পারেন। ব্যাংকে আপনি স্পষ্টভাবে উল্লেখ করতে পারবেন, কে কি পরিমাণ টাকা পাবেন।
উদাহরণস্বরূপঃ
স্ত্রী: ৮০%, ছেলে: ১০%, মেয়ে: ১০%। আপনি যদি এই অনুপাতে নমিনি নির্ধারণ করে যান, তাহলে আপনার মৃত্যুর পর পরবর্তীতে টাকা বণ্টন নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি হবে না। এই অনুপাতটি আপনি একাউন্ট খোলার সময় নিজের ইচ্ছে মত বাড়াতে বা কমাতে পারবেন।
৩. নমিনি না করলে কী ধরনের সমস্যা হয়?
যদি নমিনি নির্ধারণ করা না হয়, তাহলে একাউন্ট মালিকের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তলোন করতে হবে। এক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যুর সনদপত্র, ওয়ারিশ সনদ, ফারায়েজ অনুযায়ী কে কতটুকু পাবে সেই অনুযায়ী উত্তরাধীকার সনদপত্র ইত্যাদি নিয়ে জমা দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
৪. দত্তক সন্তান এবং নমিনি
বাংলাদেশের উত্তরাধিকার আইন অনুযায়ী দত্তক সন্তান পিতা-মাতার সম্পত্তির স্বাভাবিক উত্তরাধিকারী হয় না ফলে, আপনি যদি চান যে আপনার দত্তক সন্তান আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তি পায়, তাহলে তাকে নমিনি হিসেবে নির্ধারণ করতে হবে।
৫. অচেনা কাউকে নমিনি করা যায় কি?
হ্যাঁ, আপনি যদি চান আপনার পরিবারের বাইরের কাউকেও, যেমন– বন্ধু বা বিশ্বস্ত সহকর্মীকে নমিনি করতে পারেন। তবে এটি করার পূর্বে ভালোভাবে চিন্তা করুন, কারণ পরে আপনার পরিবারে সদস্যরা এতে আপত্তি তুলতে পারে। তবে বিভিন্ন ব্যাংকের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী, এই নিয়মগুলো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করা যেতে পারে।
৬. নমিনি কি পরিবর্তন করা যায়?
হ্যা নমিনি পরিবর্তন করা সম্ভব। আপনি যদি মনে করেন যে নমিনির ক্ষেত্রে কোনো পরিবর্তন করা দরকার, তাহলে ব্যাংকে গিয়ে নতুন নমিনি সংযোজন অথবা পরিবর্তন করতে পারেন। মনে করুন আপনি ব্যাংকে আপনার ওয়াইফকে নমিনি করেছেন। কিন্তু পরবর্তীতে যদি ওয়াইফ মারা যান বা তালাক হয়ে যায়, তাহলে আপনি চাইলে নতুন করে নমিনি নির্ধারণ করতে পারেন। এক্ষেত্রে, আপনাকে ব্যাংকে গিয়ে নতুন নমিনি সংযোজন বা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। অনেক সময় দেখা যায়, কেউ নমিনি পরিবর্তন না করায় মৃত্যুর পর তার সম্পদের সঠিক বণ্টন নিয়ে সমস্যার সৃষ্টি হয়। তাই সময়মতো নমিনি পরিবর্তন করা একটি গুরুত্বপূর্ণ কাজ।
এখন ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে নমিনি নির্ধারণের পূর্বে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন। নমিনি নির্ধারণ করার পূর্বে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করুন, যেন ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। যদি সম্ভব হয়, তাহলে একাধিক নমিনি নির্বাচন করুন এবং প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট অংশ বরাদ্দ করুন। আপনি যদি মুসলিম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যেভাবে বণ্টন হবে, সেভাবে নমিনিদের মধ্যে আনুপাতিক হারে অংশ দিতে চাইলে কোন আইনজীবীর মাধ্যমে ফারায়েজ করিয়ে নিন এবং সেই অনুযায়ী নমিনিদের অংশ দিতে পারেন।
সর্বোপরি, ব্যাংক নমিনি নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ধরনের পারিবারিক ও আইনি সমস্যার সৃষ্টি করতে পারে। তাই নমিনি নির্ধারণ করার সময় অবশ্যই সকল দিক বিবেচনা করা উচিত। সঠিক নমিনি নির্বাচন ও পরিকল্পিত বণ্টন নিশ্চিত করলে উত্তরাধিকারীদের মধ্যে কোনো পারিবারিক কলহ সৃষ্টি হবে না এবং আপনার সঞ্চিত সম্পদ সঠিক ব্যক্তির নিকট পৌঁছাবে।



