দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও দ্রুত,স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে নতুন এক যুগান্তকারী ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ভূমি মন্ত্রণালয়। এখন ঘরে বসেই এবার বাংলাদেশের নাগরিকরা ভূমি উন্নয়ন কর, নামজারি/খারিজ, মৌজা ম্যাপ এবং পর্চা (খতিয়ান) সহ সব ধরনের ভূমি সেবা অনলাইনেই গ্রহণ করতে পারবেন।
ভূমি মন্ত্রনালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ভূমি উপদেষ্টা পরীক্ষামূলকভাবে নতুন সফটওয়্যার এবং বিদ্যমান চারটি সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ (ভার্শন ২.০০) উদ্বোধন করেছেন। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এই ডিজিটাল উদ্যোগের ফলে ভূমিসেবা আরও দ্রুত, কার্যকর এবং হয়রানি-মুক্ত হয়ে উঠেছে।
নতুন এই সিস্টেমে নাগরিকরা land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Land Service Gateway (LSG)’ ব্যবহার করে প্রোফাইল তৈরি করতে পারবেন। এন আই ডি এবং মোবাইল নম্বর দিয়ে অটোমেটিক ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে নাগরিকরা তাদের ভূমি সম্পর্কিত সকল সেবা অনলাইনে পেতে পারবেন।
ভূমি মন্ত্রণালয় জানায়, বর্তমান সফটওয়্যারগুলোর কার্যকারিতা আগের তুলনায় অনেক দ্রুত এবং ব্যবহারকারী বান্ধব করা হয়েছে। এর মধ্যেই নাগরিকরা অনলাইনে জমি খারিজ, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান গ্রহন সেবা গ্রহণ শুরু করেছেন। আশা করা হচ্ছে যে, আগামী দিনে সেবার গতি ও মান আরও বৃদ্ধি পাবে।
এছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলভাবে ভূমি সেবা প্রদানের নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রনালয়। তারা ইউজার ম্যানুয়াল সরবরাহ করে নাগরিকদের হয়রানি ছাড়াই দ্রুত ভূমি সেবা নিশ্চিত করতে সক্ষম হবেন।
নাগরিকরা চাইলেই land.gov.bd/faq পোর্টালে সাধারণ প্রশ্নের উত্তর এবং land.gov.bd/manual পোর্টালে গিয়ে সিস্টেম ব্যবহারের বিস্তারিত নিয়মাবলি খুঁজে নিতে পারবেন।
ভূমি সেবায় ডিজিটালাইজেশনের ফলে দেশের ভূমি সেবা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে, যেখানে সেবা প্রত্যাশি নাগরিকদের আর বিভিন্ন দপ্তরে ছুটে বেড়াতে হবে না, বরং সব সেবা তারা এখন তাদের হাতের নাগালে ঘরে বসেই পেয়ে যাবেন।



