ঢাকায় তৈরি হচ্ছে আইফোন! রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে নতুন এক জালিয়াতি চক্রের মূল হোতা তিন চীনা নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে DMP মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য দেন ডিবি মিরপুর ডিভিশনের ডিসি জনাব মহিউদ্দিন মাহমুদ সোহেল।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এপেলের বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের ক্ষুদ্র যন্ত্রাংশ এবং ৮ বোতল বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায় জব্দ কৃত আইফোন ও আইফোনের যন্ত্রাংশের আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।
তদন্তে আরো জানা যায় , এই প্রতারক চক্রটি বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের বিভিন্ন পার্টস বা খুচরা যন্ত্রাংশ বাংলাদেশে আমদানি করত।
পরে রাজধানীর উত্তরা এবং নিকুঞ্জ এলাকার গোপন আস্তানায় দক্ষ টেকনেশিয়ান দিয়ে এসব যন্ত্রাংশ এসেম্বল করে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করা হতো।
এসব তৈরি কৃত ফোন একদম নতুন আইফোনের মতো প্যাকেটজাত করে আসল আইফোন হিসেবে বাজারে বেশি দামে বিক্রি করত প্রতারক চক্রটি।
ডিসি জনাব মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই জালিয়াতি চক্রের শিকড় অনেক গভীরে বিস্তৃত হতে পারে এবং গ্রেফতার হওয়া তিন চীনা নাগরিক ছাড়াও স্থানীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ী এই চক্রের সাথে সরাসরি জড়িত রয়েছে।
তিনি আরও জানান, দামি মোবাইল ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের অবশ্যই অতিরিক্ত সতর্ক থাকতে হবে। সস্তা বা অননুমোদিত কোন দোকান থেকে ফোন কিনলে প্রতারণার সম্ভাবনা অনেক বেশি।
ডিবি সূত্রে জানা যায়, চক্রের সাথে জড়িত দেশীয় অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ডিবি পুলিশ।



