বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
cyber tribunal 20250213122036 3f59f350140761b3f26e60df9a73ede7

ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, প্রত্যাহারের আবেদন

ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের বিরুদ্ধে আইনজীবী ও বিচারপ্রার্থীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, অশালীন বক্তব্য এবং বিচারিক শালীনতা লঙ্ঘনের অভিযোগ এনে তাকে প্রত্যাহার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ আবেদন করেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগের বিস্তারিত

আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত বিচারক নুরে আলম আদালতে মামলার শুনানিকালে জুনিয়র আইনজীবীদের প্রতি তাচ্ছিল্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিচারপ্রার্থীদের গালমন্দসহ অশালীন মন্তব্য করেন। এ বিষয়ে সিনিয়র আইনজীবীরাও মৌখিক অভিযোগ করেন।

ঢাকা আইনজীবী সমিতি গত ৯ ফেব্রুয়ারি বিচারকের সঙ্গে আলোচনার জন্য উদ্যোগ নিলেও তিনি তা এড়িয়ে যান। পরদিন ১০ ফেব্রুয়ারি তিনি অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এজলাস পরিচালনা করেন, যেখানে সমিতির কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

বিচারকের আচরণ নিয়ে আইনজীবীদের উদ্বেগের পরও তিনি আলোচনায় অস্বীকৃতি জানান এবং বলেন, “আমি কি ঢাকা আইনজীবী সমিতির চাকরি করি? কেন তাদের সঙ্গে কথা বলবো?” এরপর তিনি আইনজীবীদের বের করে দিতে পুলিশকে নির্দেশ দেন।

অভিযোগে আরও বলা হয়, বিচারক নুরে আলম তার পরিধেয় কোটের হাতা উঁচিয়ে মারমুখী অবস্থান নেন এবং উত্তেজিত আইনজীবীদের সামনে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। এজলাসের আংশিক ভিডিও বেআইনিভাবে প্রচার করে তিনি আইনজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যাহারের আবেদন

ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারক নুরে আলমের এমন আচরণকে বিচার বিভাগের জন্য অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয় এবং অবিলম্বে তাকে প্রত্যাহার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

জানা গেছে, বিচারক নুরে আলম বর্তমানে ছুটিতে রয়েছেন।