‘বায়না দলিল’ বা ‘বায়না চুক্তিপত্র’ হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ধাপ। মৌখিক কথার ওপর ভিত্তি করে বড় কোনো লেনদেন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যতে বিক্রেতা যাতে প্রতিশ্রুত সম্পত্তি অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারেন এবং ক্রেতাও যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্য পরিশোধে বাধ্য থাকেন, এই নিশ্চয়তা বিধানের নামই হলো বায়না।
তবে এই চুক্তি করার আগে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দেয়। বিশেষ করে বায়না দলিলের সময়সীমা এবং এর আইনি বৈধতা নিয়ে অনেকেই ধোঁয়াশার মধ্যে থাকেন। আজকে আমরা বায়না দলিলের খুঁটিনাটি জানবো।
বায়না দলিল আসলে কী? এর গুরুত্ব কেন এত বেশি?
সহজ কথায়, চূড়ান্ত বা সাফকবলা দলিল সম্পাদনের আগে, ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে প্রাথমিক লিখিত সমঝোতা হয়, তাকেই বায়না দলিল বা Contract for Sale বলা হয়।
এই প্রক্রিয়ায় ক্রেতা জমির মোট মূল্যের একটি অংশ (সাধারণত ১০-২০%) অগ্রিম বা বায়না হিসেবে বিক্রেতাকে প্রদান করেন। এটি কেবল টাকার লেনদেন নয়, বরং এটি একটি আইনি রক্ষাকবচ।
বিক্রেতা শিওর হন যে ক্রেতা জমিটি কিনবেন অন্যদিকে ক্রেতা নিশ্চিন্ত হন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে জমিটি তার নামেই রেজিস্ট্রি হবে।
একটি বৈধ বায়না দলিলে কী কী থাকা জরুরি?
আইন অনুযায়ী, একটি বায়না দলিল তখনই পূর্ণাঙ্গ হবে যখন এতে স্বচ্ছতা থাকবে। সাদা কাগজে বা মৌখিক কথায় বায়না দলিলের কোনো ভিত্তি নেই। বায়না দলিলটি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত হতে হবে এবং অন্তত দুইজন সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে।
দলিলে যে বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করতে হবে:
১. জমির পূর্ণাঙ্গ বিবরণ (দাগ নম্বর, খতিয়ান, মৌজা, চৌহদ্দি)।
২. মোট সাব্যস্তকৃত মূল্য এবং বায়না বাবদ প্রদত্ত টাকার পরিমাণ।
৩. অবশিষ্ট টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ বা সময়সীমা।
৪. উভয় পক্ষের পূর্ণ নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য।
বায়না দলিলের মেয়াদ কত দিন?
অনেকেই জানতে চান, বায়না করার পর কতদিন পর্যন্ত এটি কার্যকর থাকে? ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন এবং পরবর্তীতে ২০০৪ সালের সংশোধনী অনুযায়ী এর একটি রূপরেখা পাওয়া যায়। সাধারণত উভয় পক্ষ আলোচনার মাধ্যমে যে সময়সীমা (যেমন ৩ মাস, ৬ মাস বা ১ বছর) দলিলে উল্লেখ করবেন, সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে বায়না দলিলে কোনো নির্দিষ্ট তারিখ না থাকলে, সাধারণত দলিল সম্পাদনের তারিখ থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত এর মেয়াদ কার্যকর থাকে।
বায়না দলিলের মেয়াদ বৃদ্ধি করা যায় কি?
নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্ভব না হলে, উভয় পক্ষের সম্মতিতে সম্পূরক চুক্তির মাধ্যমে মেয়াদ বাড়ানো সম্ভব। তবে কোনো পক্ষ যদি গড়িমসি করে, তবে ভুক্তভোগী পক্ষকে দেওয়ানি আদালতে ‘সুনির্দিষ্ট প্রতিকার আইন’ (Specific Relief Act) এর আওতায় মামলা করার প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বায়না দলিল রেজিস্ট্রেশন ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক?
আগে একটা সাধারণ ধারণা ছিল যে বায়না দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। কিন্তু বর্তমানে সম্পত্তি হস্তান্তর আইন এবং রেজিস্ট্রেশন আইনের সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী, বায়না দলিল রেজিস্ট্রি করা এখন অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
বায়না রেজিস্ট্রেশনের সুবিধা:
রেজিস্ট্রি করা থাকলে বিক্রেতা চাইলেই জমিটি অন্য কোথাও বিক্রি করতে পারেন না এবং ক্রেতাও টাকা আটকে রাখতে পারেন না।
আইনি সুরক্ষা:
দলিলটি সাব-রেজিস্ট্রি রেজিস্ট্রি করা থাকলে ভবিষ্যতে আদালতে এটি স্ট্রং এভিডেন্স বা অকাট্য প্রমাণ হিসেবে গৃহীত হয়। আন-রেজিস্টার্ড বা শুধু নোটারি করা চুক্তিপত্র দিয়ে আদালতে প্রতিকার পাওয়া বর্তমানে বেশ জটিল ও সময়সাপেক্ষ। তাই নিরাপদে জমি কেনার স্বার্থে অবশ্যই বায়না দলিলটি রেজিস্ট্রি করে নেওয়া উচিত।
বায়না দলিলের খরচ কত টাকা?
বায়না দলিল সম্পাদনের ক্ষেত্রে খরচের বিষয়টি জমির মূল্যের ওপর নির্ভর করে। তবে একটি সাধারণ ধারণা রাখা ভালো:
স্ট্যাম্প শুল্ক:
দলিলের মূলকপি বা ফর্দ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রিন্ট করা হয়।
বায়না দলিল রেজিস্ট্রেশন ফি:
এটি সাধারণত বায়না করা টাকার পরিমাণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। প্রচলিত নিয়মে এটি বায়নার টাকার ১% বা তার কম-বেশি হতে পারে (সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত একটি স্ল্যাব থাকে, যা সময়ভেদে পরিবর্তনযোগ্য)।
সঠিক ও হালনাগাদ খরচের তালিকা জানতে আপনার এলাকার সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অফিসের নোটিশ বোর্ড দেখা অথবা দলিল লেখকের (Deed Writer) সাথে কথা বলা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।
সারকথা: জমি কেনা জীবনের অন্যতম বড় বিনিয়োগ। তাই সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে রেজিস্ট্রেশন না করা বা অস্পষ্ট চুক্তি করা বড় বিপদের কারণ হতে পারে। স্বচ্ছ বায়না দলিলই আপনার নিরাপদ মালিকানার প্রথম পদক্ষেপ।




