বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
মোডাস অপারেন্ডি কি
মোডাস অপারেন্ডি কি

মোডাস অপারেন্ডি কি? অপরাধ তদন্তে Modus Operandi ব্যাখ্যা

মোডাস অপারেন্ডি (Modus Operandi) কী? অপরাধ তদন্তে এর গুরুত্ব

Modus Operandi (MO) শব্দটি ল্যাটিন ভাষা থেকে আগত, যা দ্বারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নির্দিষ্ট কাজ সম্পাদনের নিয়মিত পদ্ধতি বা কার্যপ্রণালী বোঝানো হয়। অপরাধবিজ্ঞানে এই ধারণাটি ব্যবহৃত হয় অপরাধ সংঘটনের সময় অপরাধী যে নির্দিষ্ট কৌশল, আচরণগত ধাপ ও পদ্ধতি অনুসরণ করে তা বিশ্লেষণের জন্য, যা অপরাধী সনাক্তকরণে সহায়ক ভূমিকা পালন করে। প্রতিটি অপরাধীর নিজস্ব কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, যা তার মানসিক অবস্থা, আগের করা অপরাধের অভিজ্ঞতা, স্কিল এবং পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়। মোডাস অপারেন্ডি তদন্তকারী কর্মকর্তাদের জন্য অপরাধের ধরণ, অপরাধীর প্রোফাইল, এবং সম্ভাব্য সন্দেহভাজন ব্যাক্তিকে চিহ্নিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। অপরাধী অপরাধ করার সময় যেসব ধাপ সবসময় অনুসরণ করে, যেমন ক্রাইমের সময় নির্বাচন, ভিকটিম বাছাই, অপরাধ করার সময় কি অস্ত্র ব্যাবহার করবে, অপরাধস্থলে এন্ট্রি ও এক্সিট এসব মিলিয়ে গড়ে ওঠে তার অপরাধের Signature বা স্বাক্ষর, যা মোডাস অপারেন্ডির অংশ।

অপরাধ তদন্তে মোডাস অপারেন্ডির ভূমিকাঃ

জুরিস্প্রুডেন্স বা অপরাধ বিজ্ঞানে মোডাস অপারেন্ডি শুধু অপরাধীর ধরা পড়ার সম্ভাবনা কমায় না, বরং অপরাধ সংঘটনের দক্ষতা বৃদ্ধি করে এবং ভিকটিমের উপর প্রভাব নিয়ন্ত্রণেরও একটি অন্যতম মাধ্যম। উদাহরণস্বরূপ বলা যায়, একজন অভ্যাসগত (হ্যাবিচুয়াল) চোর সবসময় ভোরের আগে ফাঁকা বাড়ি বেছে নেয় চুরি করার জন্য এবং ঘরের তালা ভাঙতে একটি নির্দিষ্ট ধরনের যন্ত্র ব্যবহার করে। একজন সিরিয়াল খুনী হয়তো একই পদ্ধতিতে ভিকটিম কে অচেতন করে হত্যা করে এবং অপরাধস্থল থেকে প্রমাণ লোপাট করার জন্য নির্দিষ্ট ধরনের রাসায়নিক বা পদ্ধতি অবলম্বন করে। এসব পদ্ধতি পুনরাবৃত্তি করার অভ্যাসই তদন্তকারীকর্মকর্তাদের কাছে মোডাস অপারেন্ডি হিসেবে চিহ্নিত হয় এবং তা অপরাধীর অপরাধ সনাক্তকরণে সহায়তা করে।

মোডাস অপারেন্ডি বিশ্লেষণের ধাপসমূহ

মোডাস অপারেন্ডি বিশ্লেষণের মূল লক্ষ্য হলো অপরাধীর আচরণগত প্যার্টার্ন নির্ধারণ এবং তা পূর্ববর্তী অপরাধের সাথে মিলিয়ে দেখা। মোডাস অপারেন্ডি বিশ্লেষণের ক্ষেত্রে অপরাধবিজ্ঞানীরা সাধারণত কয়েকটি মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেন যেমন, অপরাধটি কী প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে, অপরাধী কেন সেই নির্দিষ্ট পদ্ধতিটি নির্বাচন করেছে এবং উক্ত পদ্ধতির সঙ্গে তার পূর্ববর্তী অপরাধগুলোর কোনো সামঞ্জস্য রয়েছে কিনা। এই বিষয়গুলো বিশ্লেষণের মাধ্যমে অপরাধীর আচরণগত প্রবণতা নির্ধারণ করা সম্ভব হয়। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে তদন্তকারীকর্মকর্তারা অপরাধীর মেন্টাল প্রোফাইল তৈরি করতে পারেন, যাতে ভবিষ্যতে তাকে ধরতে সহায়ক হয়। অধিকাংশ ক্ষেত্রে মোডাস অপারেন্ডি অপরাধী অপরাধে ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটায় যেমন তার পেশাগত দক্ষতা, বসবাসের এলাকা বা সামাজিক অভ্যাস।

বাংলাদেশে মোডাস অপারেন্ডির ব্যবহার

বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি (Criminal Procedure Code) বা দণ্ডবিধি (Penal Code) তে “মোডাস অপারেন্ডি” শব্দটি সরাসরি নেই, তবুও তদন্তকারীকর্মকর্তারা অপরাধ নির্নয়ে এই ধারণাটি ব্যবহার করে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায় মামলার তদন্ত প্রতিবেদনে প্রায়শই উল্লেখ করা হয় যে “অভিযুক্ত ব্যাক্তি পূর্ববর্তী অপরাধের মতোই একই পদ্ধতি অবলম্বন করে অপরাধটি সংঘটন করেছে।” বিজ্ঞ আদালতে এই তথ্য উপস্থাপন করলে বিচারক অভিযুক্তের ধারাবাহিক অপরাধপ্রবণতা সম্পর্কে ধারণা পান, যা শাস্তি নির্ধারণে প্রভাব ফেলে।

এই বিশ্লেষণ পদ্ধতি মূলত সাইবার ক্রাইম, সিরিয়াল অপরাধ, চোরাচালান, আর্থিক জালিয়াতি সহ সংঘবদ্ধ অপরাধে বেশি কার্যকর হয়। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশে সাইবার অপরাধীদের মধ্যে অনেকেই একটি নির্দিষ্ট ধরনের ফিশিং ইমেইল ফরম্যাট ইউজ করে, যা সময়ের সাথে তদন্তকারীকর্মকর্তারা শনাক্ত করতে সক্ষম হন। ঠিক তেমনি, ডাকাত দলগুলো সাধারণত একই ধরণের চলাফেরা, অস্ত্র এবং পালানোর পথ ব্যবহার করে। তাদের কাজ করার এই নির্দিষ্ট ধরনটিই হলো ‘মোডাস অপারেন্ডি।

বিশ্বের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, যেমন FBI, Scotland Yard এবং Interpol, অপরাধ বিশ্লেষণের জন্য বিশেষায়িত Modus Operandi ডেটাবেস ব্যবহার করে থাকে। এসব ডেটাবেসে অপরাধ সংঘটনের ধরন, কৌশল এবং অপরাধীদের পুনরাবৃত্ত আচরণ সংরক্ষণ করা হয়, যা অপরাধ সংযোগ (crime linkage) ও সিরিয়াল অপরাধ সনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে অপরাধের ধরন, পদ্ধতি, ও অপরাধীর অভ্যাস সংরক্ষণ করা আছে। বাংলাদেশ পুলিশ বাহিনীও ধীরে ধীরে ডিজিটাল ভাবে ডেটাবেসে অপরাধের প্যাটার্ন সংরক্ষণ করছে, যাতে ভবিষ্যৎ অপরাধ তদন্তে দ্রুত মিল খুঁজে অপরাধি শনাক্ত করা যায়।

মোডাস অপারেন্ডি ও Criminal Signature–এর পার্থক্য

অপরাধ বিশ্লেষণে Modus Operandi এবং Criminal Signature দুটি ভিন্ন ধারণা। Modus Operandi মূলত অপরাধ সংঘটনের কৌশলগত দিক নির্দেশ করে, যা সময়, অভিজ্ঞতা ও পরিস্থিতির কারণে পরিবর্তিত হতে পারে। বিপরীতে, Criminal Signature অপরাধীর মানসিক তৃপ্তি বা মনস্তাত্ত্বিক প্রয়োজন পূরণের প্রতিফলন, যা সাধারণত অপরিবর্তিত থাকে এবং অপরাধীর ব্যক্তিত্বের গভীর বৈশিষ্ট্য প্রকাশ করে। অপরদিকে অপরাধীর স্বাক্ষর হলো অপরাধীর মেন্টাল চাহিদা পূরণের একটি বিশেষ উপায়, যা সাধারণত অপরিবর্তীত থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন চোর হয়তো তালা কাটার পদ্ধতি পরিবর্তন করতে পারে (MO পরিবর্তিত), কিন্তু সে সবসময় ভুক্তভোগীর বালিশ বাড়ির দরজায় ফেলে যায় (Signature অপরিবর্তিত)।

মোডাস অপারেন্ডি বিশ্লেষণে ফরেনসিক সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন অপরাধীর আঙুলের ছাপ, DNA, ফুটপ্রিন্ট, অস্ত্রের ব্যবহার, হ্যান্ড রাইটিং, CCTV ফুটেজ বিশ্লেষণ ইত্যাদি। এসব এলিমেন্টস অপরাধীর অভ্যাস এবং পূর্বের অপরাধের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে সহায়ক হয়।

মোডাস অপারেন্ডি বিশ্লেষণের সীমাবদ্ধতা

তবে মোডাস অপারেন্ডির মাধ্যমে অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

প্রথমত, অভিজ্ঞ অপরাধীরা সচেতনভাবে তাদের ধরন পরিবর্তন করতে পারে যাতে তদন্তকারীকর্মকর্তারা বিভ্রান্ত হয়ে যায়।

দ্বিতীয়ত, কিছু কিছু ক্ষেত্রে একাধিক অপরাধী একই ধরনের অপরাধ সংগঠনের পদ্ধতি ব্যবহার করতে পারে, যার ফলে সঠিক অপরাধী খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তাই মোডাস অপারেন্ডি একা নয়, বরং অন্যান্য প্রমাণ ও অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে দেখা উচিত।

তাই বলা যায় মোডাস অপারেন্ডি অপরাধ তদন্তে একটি শক্তিশালী হাতিয়ার, যা তদন্ত প্রক্রিয়াকে সাইন্টিফিক, পদ্ধতিগত ও দ্রুততর করে তোলে। বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটিকে আরও কার্যকরভাবে প্রয়োগের জন্য প্রশিক্ষণ, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে পারে। বিশেষত ডিজিটাল অপরাধ ও সাইবার অপরাধে অপরাধীর প্যাটার্ন অতিদ্রুত শনাক্ত করতে এটি অপরিহার্য। বিচার কালে মোডাস অপারেন্ডি বিশ্লেষণ শুধু অপরাধীর দোষ প্রমাণেই নয়, ভবিষ্যৎ অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Q1: মোডাস অপারেন্ডি কি আইনগত প্রমাণ?
Q2: MO কি পরিবর্তন হতে পারে?
Q3: MO ও Signature কি একই?

রেফারেন্স:

Beauregard, E. and Bouchard, M. (2010) ‘Modus operandi and crime linkage’, Journal of Investigative Psychology and Offender Profiling, 7(3), pp. 221–238.

Canter, D. (2004) ‘Offender profiling and criminal differentiation’, Legal and Criminological Psychology, 9(1), pp. 23–46.

Douglas, J.E., Burgess, A.W., Burgess, A.G. and Ressler, R.K. (1992) Crime classification manual. Lexington: Lexington Books.

Federal Bureau of Investigation (2019) Behavioral analysis and crime linkage. Washington, DC: FBI.

Hazelwood, R.R. and Warren, J. (2003) ‘The serial killer: Patterns of behavior’, FBI Law Enforcement Bulletin, 72(1), pp. 1–9.

Interpol (2022) Criminal intelligence analysis. Available at: https://www.interpol.int

 (Accessed: 6 January 2026).

Turvey, B.E. (2011) Criminal profiling: An introduction to behavioral evidence analysis. 3rd edn. London: Academic Press.

Wikipedia contributors (2024) ‘Modus operandi’, Wikipedia. Available at: https://en.wikipedia.org/wiki/Modus_operandi

 (Accessed: 6 January 2026).