সরকার দেশের পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে বিশেষ আদালত হিসেবে ঘোষণা করেছে ।
গত ১২ জানুয়ারি বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইন, ২০০৩-এ দেওয়া ক্ষমতাবলে এ ঘোষণা দিয়ে আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেওয়ানি মামলা বিচারের জন্য এসকল আদালত ও ট্রাইব্যুনালকে জেলা জজ আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বিশেষ জেলা জজ আদালত হিসেবে অভিহিত করা হবে।
সেই সাথে ফৌজদারি মামলা বিচারের ক্ষেত্রে এসকল আদালত দায়রা জজ আদালত হিসেবে গণ্য হবে এবং বিশেষ দায়রা জজ আদালত হিসেবে পরিচিত হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সারা দেশে অবস্থিত সকল পারিবারিক আপিল আদালত, সব নারী ও শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সব ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এ ঘোষণার আওতায় আসবে।



