লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় আওয়ামী লীগ সমর্থিত দুই আইনজীবীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরের মুখ্য বিচারিক হাকিম সদর আমলি আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার হওয়া দুই আইনজীবী হলেন— লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল হুদা পাটওয়ারী এবং জেলা জজ আদালতের সাবেক পিপি ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।
কোর্ট পুলিশের পরিদর্শক এম এ জলিল জানান, হত্যার ঘটনায় দুই আইনজীবীকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। তারা জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, সোমবার সকালে নুরুল হুদাকে শহরের ঝুমুর এলাকা থেকে এবং জহির উদ্দিন বাবরকে আদালতের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতে উপস্থাপন করে তাদের গ্রেফতার দেখানো হয়।
ওসি আরও জানান, ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় সাদ আল আফনান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তারা এজাহারভুক্ত আসামি ছিলেন না। তবে অজ্ঞাতনামা আসামিদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।



