বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম

ফ্যাসিস্ট-খুনিদের মাটি খুঁড়ে খুঁড়ে বের করা হবে!

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি কর্তৃক প্রতি বছরের ন্যায় এবারও বারের আইনজীবীদের মিলনমেলা হিসেবে পরিচিত বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঘোষণা করেন, ফ্যাসিস্ট খুনিদের মাটি খুঁড়ে বের করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার হলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বারের সভাপতি এড. জনাব কামাল উদ্দিন আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. মো: জয়নুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “যারা ২০২৪ সালের গণহত্যায় অংশগ্রহণ করে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে আমরা তাদের মাটি খুঁড়ে খুঁড়ে বের করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো।” তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের অবশ্যই আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার অধিকার রয়েছে, তবে রাষ্ট্রের আইন কর্মকর্তাগণ আইনি উপায়ে তাদের যথাযথভাবে মোকাবিলা করবেন।

তিনি সতর্ক করে বলেন, “কোনো আইন কর্মকর্তা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হলে এবং রাষ্ট্রবিরোধী অবস্থান নিলে তাদের ১ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হবে।”

বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখা

অ্যাটর্নি জেনারেল বিচারকদের আইনজীবীদের সঙ্গে সদাচরণ করার আহ্বান জানান এবং আইনজীবীদেরও বিচারকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন। তিনি বলেন, আইনজীবীরা সর্বদা রাষ্ট্রের স্বার্থে কাজ করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করবেন।

মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস

প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় দীর্ঘদিনের প্রাণের দাবি মেডিক্যাল কলেজ স্থাপনসহ আইনজীবীদের যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন প্রধান অতিথি।

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মো: খাদেম উল কায়েস, সিনিয়র জেলা ও দায়রা জজ
  • মো: ইসরাইল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
  • মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গির হোসেন (পিপিএম-সেবা)

এছাড়াও জেলা জজ আদালতের সকল বিচারক, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ, সাংবাদিকবৃন্দ ও বারের বর্তমান কার্যকরী নির্বাহী কমিটির সকল সদস্যসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপ্তি

পরে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়।