বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

৭০০ পালিয়ে যাওয়া বন্দি এখনও ধরাছোঁয়ার বাইরে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার পতনের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনো ৭০০ জন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রবিবার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনও ৭০০ জন বন্দি পলাতক। বাকিদের গ্রেপ্তার করে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “কারাগার থেকে বন্দিদের পালানোর ঘটনা তদন্তাধীন রয়েছে। কোনো ধরনের গাফিলতি যেন না থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কারাগারে হামলা ও বন্দি পালানোর ঘটনা

তুমুল গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিরতা ও সহিংসতার মধ্যে বিভিন্ন কারাগারে হামলা ও বিদ্রোহের ঘটনা ঘটে।

ওই সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ চলাকালে দেয়াল টপকে ২০০-এর বেশি বন্দি পালিয়ে যায় এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়।

তবে শুধু কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়াসহ দেশের বিভিন্ন কারাগার থেকেও প্রায় ২,২০০ বন্দি পালানোর ঘটনা ঘটে। এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও জঙ্গি সদস্যরাও ছিলেন।

অপরাধ বৃদ্ধির বিষয়ে পুলিশের ভূমিকা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেন যে, পট পরিবর্তনের পর ছিনতাই, চুরি, রাহাজানি ও খুনোখুনির ঘটনা বেড়েছে

তিনি বলেন, “আমি অস্বীকার করব না, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। তবে যারা এসব অপরাধ করছে, তাদের গ্রেপ্তারও করা হচ্ছে। তবে সমস্যা হলো, গ্রেপ্তার হলেও তারা ছাড়া পেয়ে আবার একই অপরাধে জড়াচ্ছে।”

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।