ঘোড়ার মাংস খাওয়া বিষয়ে অভিনেত্রী জয়া হাসানের রিট
ঘোড়ার মাংস খাওয়া বিষয়ে অভিনেত্রী জয়া হাসানের রিট

ঘোড়ার মাংস খাওয়া বিষয়ে অভিনেত্রী জয়া হাসানের রিট!

ঘোড়ার মাংস মানুষের খাদ্য হিসেবে বিক্রি করা এবং এটার বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণে কেনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট। সেই সাথে এ বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন উক্ত আদালত।

গত রবিবার (৭ জুন) জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের করা একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন।

এর আগে গত ১১ মে করা রিটে অভিযোগ করা হয় যে, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারে প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও তারা কোনো কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেন নি। তাই উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এই রিটে আরো বলা হয় যে, মন্ত্রণালয়ে পাঠানো পূর্বের অভিযোগগুলোর নিষ্পত্তি নিশ্চিত করতে হবে, যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করতে হবে এবং গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্যের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের নির্দেশ দিতে হবে। পাশাপাশি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিট পিটিশনে।

উক্ত রিটে পিটিশনকারীরা এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ৬০ দিনের মধ্যে একটি জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়নেরও আবেদন জানিয়েছেন। এ ছাড়া বাজেয়াপ্ত করা ও অসুস্থ ঘোড়ার নিলাম অনতিবিলম্বে বন্ধ করা এবং উদ্ধার করে প্রাণীদের পরিচর্যা ও পুনর্বাসনের জন্য ‘বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি উপযুক্ত অভয়ারণ্য বা পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

রিট পিটিশনে আবেদনকারীদের দাবি, দ্রুত বিচারিক হস্তক্ষেপ না হলে এই অবৈধ বাণিজ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করার সম্ভাবনা রয়েছে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুর  আচরণ চলমান থাকারও আশঙ্কা রয়েছে।