বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের নাগরিকদের জন্য অনলাইনে মামলা দায়েরের সুবিধা চালুর নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় তিনি বলেন, থানায় সরাসরি না গিয়ে যাতে মানুষ অনলাইনে মামলা দায়ের করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
বর্তমানে এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের করতে হলে নিকটস্থ থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও জটিল হতে পারে। প্রধান উপদেষ্টা এই প্রক্রিয়াকে সহজ করতে পুলিশের জন্য একটি ডেডিকেটেড কল নম্বর চালুর প্রস্তাব দেন, যেন ৯৯৯-এর মতো একটি নম্বরে ফোন করে দেশের যেকোনো প্রান্ত থেকে অভিযোগ জানানো যায়।
তিনি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অনলাইন এফআইআর ফাইলিং ব্যবস্থা চালুর জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।



