বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার গত ৩০ জানুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক ও আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচারের সহজপ্রাপ্তি এবং বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “মৌলিক অধিকার রক্ষা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী, নিরপেক্ষ ও দক্ষ বিচার বিভাগ অপরিহার্য।”
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। পোস্টে বিচার বিভাগের উন্নয়ন ও ডিজিটালাইজেশনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানানো হয়েছে।
এই সৌজন্য সাক্ষাৎ বিচার বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



