বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম
Dm traffic rules

কঠোর সতর্কতা ডিএমপির – ট্রাফিক আইন না মানলেই জেল জরিমানার গণবিজ্ঞপ্তি জারি!

রাজধানীতে রাস্তা পারাপারে ট্রাফিক আইন না মানলে পথচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত রোববার (১২ এপ্রিল) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার কর্তৃক সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে ঢাকা মহানগরীতে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ চলাচল নিশ্চিত করতে চালক ও পথচারীদের জন্য বিশেষ এই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিটিতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো পথচারী বা সড়ক ব্যবহারকারী ট্রাফিক সংকেত না মানলে কিংবা জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা ক্রস করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ১০,০০০/- টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

এ ছাড়া গণপরিবহনে নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা এবং চালকের জন্য এক পয়েন্ট কাটা হবে। 

উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০,০০০/- টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া হবে।

ডিএমপি জানায়, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় একাধিক গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট যুক্ত করা হয়েছে।

এর পাশাপাশি, ডিএমপির উদ্যোগে আরও কয়েকটি এলাকায় অস্থায়ী সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে এবং দক্ষিণ সিটি করপোরেশনের আরও কিছু স্থাপনায় স্থাপিত সিগন্যাল খুব দ্রুত চালু হবে।

গণবিজ্ঞপ্তিটিতে পথচারীদের ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপারের অনুরোধ করা হয়েছে। নির্দেশনা না মানলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি এবং জরিমান করা হবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করেও পরবর্তীতে ভিডিও প্রসিকিউশনের মাধ্যমেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।